
রাসেল আহমেদ,খুলনা
নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। কেউ যদি তার বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হুইপ বকুল আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের পরিস্থিতির শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।