
সোহেল রানা বাবু,বাগেরহাট
সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মহিলা বিভাগের বাগেরহাট – ২ আসনের আয়োজনে কর্মসূচিতে বাগেরহাট মহিলা জামায়াতের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেত্রীরা বলেন,বাগেরহাটে এই প্রথম নারীদের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে । আমরা যেমন ঘর সামলাতে পারি তেমন বাইরে ও সামলাতে পারি। দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারী হেনস্তার শিকার হচ্ছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট -২ আসনের নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আপনারা প্রতিবাদস্বরূপ ১২ তারিখের নির্বাচনে ন্যায় ও ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট বিপ্লবের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে । তিনি আরো বলেন, প্রস্তুতি নিয়ে থাকবেন কোনও ভাবে কোনও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না । আপনার সঙ্গে যদি কেউ অন্যায় আচরণ করতে আসে সমুচিত জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট -২ আসনের পরিচালিকা ডা. মনোয়ারা আজাদ বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদেরকে বাধ্য করা হয়েছে আজকের এই মিছিলে নামার জন্য । সারা বাংলাদেশে যে নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় বাগেরহাটে জেলার বিভিন্ন স্থানে আমাদের নারীদেরকে অপমান অপদস্ত করা হচ্ছে ৷
এসময়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরা সাঈদ , ডাঃ আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।
বিক্ষোভ মিছিলে মহিলা বিভাগের নেত্রীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন ।।