
জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এরকম কথা বলে আমাদের মা-বোনদের ভূল বোঝানো হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জানি জামায়াত ইসলামের কথা বলে। কিন্তু আজকে দেখেন চরমোনাইয়ের পীর সাহেব বলতেছেন জামায়াতে ইসলাম কোন ইসলামী দলই না। এদেরকে আমরা আগে কখনও দেখি নি যদিও আমাদের সাথেই ছিল। তাদেরকে আমি বলতে চাই রাজনীতি করবেন করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না।
মহাসচিব বলেন, আমরা যদি সরকারে যাই তাহলে আগামী দেড় বছরের মধ্যে এক কোটি বেকার ছেলে-মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। আমরা বিএনপি সবসময় কাজে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে এসেছে ।
তিনি বলেন, পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, জামায়াতে আমির সাহেব নাকি মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন।
তিনি আরো বলেন, ১৫ বছর ধরে আমাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন নিপীড়ন হয়েছে। তারপরেও আমরা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রেখেছি। আমি এতদিন আপনাদের এখানে আসতে পারিনি কারণ মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার উপরে বহু নির্যাতন নিপীড়ন এসেছে।
মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১৭ টি মামলা দায়ের করা হয়েছে। সপ্তাহে ৪ থেকে ৫ দিন আমাকে কোর্টে যেতে হয়েছে। ১১ বারে সাড়ে তিন বছর জেলে গেছি। এ লড়াই করতে করতে আমি বাংলাদেশের সমস্ত বিরোধী দলকে একত্রিত করতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরেও আমি আমার এলাকার মানুষকে মানুসিক দিক দিয়ে ছেড়ে যাই নি। আপনারা অনেক দিন পরে আপনারা সুষ্ঠ ভোট দিতে পারবেন এবং যাকে খুশি তাকে দিতে পারবেন। কিন্তু গত বছরে কেউ ভোট দিতে পারে নি। এবার ঐ ভোট হবে না।
তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, আগামী ৭ তারিখে শনিবার এই ঠাকুরগাঁওয়ে তারেক রহমান আসছেন। তিনি লন্ডন থেকে ফিরেই আমাদের মায়েদের কথা ভেবেছেন। প্রথম বছরেই ৫০ লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করবেন। যার মাধ্যমে মায়েরা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে। এছাড়াও ব্যাংক থেকে অনেকেই ঋণ নিয়েছেন। যার সুদ দিনে দিনে বাড়তেই আছে। বিএনপি নির্বাচিত হলে যারা লোন নিয়েছে তোদের সুদসহ মাফ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে আমাদের পার্লামেন্ট ভোট হবে। এর আগে আমরা ভোট করতে পারিনি এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটও ঠিক মতো হয়নি। কারণ আগের সরকারটা ভোট করতে দিত না, ভোট নিয়ে চলে যাইতো। তারপর একটা সংখ্যা বসায় দিত, ফলাফল ঘোষনা দিয়ে দিত।
তবে এবার নির্বাচন হবে একদম সঠিক।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।