মাটির দস্যুদের রুখতে দাগনভূঞায় রাতভর অভিযান

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষায় ও অবৈধভাবে উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা প্রতিরোধে গভীর রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার রামনগর, মাতুভূঞা ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

​কৃষি জমির শ্রেণি পরিবর্তন ও উর্বরতা নষ্ট করে একটি চক্র রাতের আঁধারে মাটি কেটে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর (খননযন্ত্র) ঘটনাস্থল থেকে সরিয়ে আনা সম্ভব না হওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে অকেজো করে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর দুটি চৌকস দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা প্রদান করে।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা/সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা) তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ