
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, দেশের পরিবেশ পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বর্তমান সরকারকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর বিকেলে ও সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার, বেকের বাজার এবং তুলাতলী এলাকায় আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
আবদুল আওয়াল মিন্টুর এই আনুষ্ঠানিক প্রচারণাকে কেন্দ্র করে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা জিরোপয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অভিযোগ পাওয়া গেছে, দলের বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সহসভাপতি জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা সড়কে মালবাহী ট্রাক আড়াআড়ি রেখে মিন্টুর গাড়িবহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই ঘটনায় সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পথসভায় বক্তৃতাকালে আবদুল আওয়াল মিন্টু বলেন, গত ১৫ বছর দেশের মানুষ যে অন্যায় ও অবিচার সহ্য করেছে, তা থেকে মুক্তির একমাত্র পথ একটি গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বেই আগামীতে সরকার গঠিত হবে। তিনি বলেন, এমন একটি সরকার প্রয়োজন যা দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব শীঘ্রই সংকট কাটিয়ে উঠব।
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে বলেন, অতীতে আমি বাবা ও ভাইয়ের জন্য ভোট চেয়েছি, এবার জীবনের শেষ প্রান্তে এসে নিজের জন্য ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করলে দাগনভূঞা ও সোনাগাজীকে একটি অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। পুরোনো তিক্ততা ভুলে সবাই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ঘোষণা দেন যে, খুব শীঘ্রই প্রতিটি ইউনিয়ন সফর করে স্থানীয়দের সঙ্গে বসে সমস্যার সমাধান করা হবে।
এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুর এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আওয়াল মিন্টুকে স্বাগত জানান। তিনি সিলোনিয়া বাজার, বেকের বাজার ও তুলাতুলিতে পথসভায় অংশ নেন এবং নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাব দেন।
বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।