
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে স্থাপিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর উদ্যোগে সরকারি হাজী আসমত কলেজে অনুষ্ঠিত হলো ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা বিষয়ক দিনব্যাপী হেলথ ক্যাম্পেইন।
আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সরকারি হাজী আসমত কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ মনিরুজ্জামান এবং ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর বিজনেস এডমিনিস্ট্রেশন-এর চেয়ারম্যান ও প্রক্টর মোঃ আব্দুর রশীদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আতিকুর রহমান, ফার্মেসি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর আফরোজা সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগের সিনিয়র লেকচারার ড. এনামুল হক, সরকারি হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবরুজ্জামান আপন, প্রভাষক মোতাহের হোসেন, বরকত উল্লাহ পাঠান, মোঃ হেলাল উদ্দিন, মাজহারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান বলেন—
“ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা যদি নিজেদের সচেতন করে তোলে, তবে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের এই ক্যাম্পেইন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও প্রতিরোধমূলক চর্চায় এগিয়ে নেবে।”
ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন বলেন—
“ডেঙ্গু সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য একটি রোগ। সঠিক তথ্য, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং দ্রুত চিকিৎসার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আমরা নিয়মিত কলেজভিত্তিক প্রোগ্রামের আয়োজন করছি। ভবিষ্যতেও এ-ধরনের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনব্যাপী ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ডেঙ্গুর উপসর্গ শনাক্তকরণ, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানিবাহিত রোগ প্রতিরোধ, নিরাপদ পরিবেশ তৈরি এবং জরুরি সময়ে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার নির্ণয়, ওজন পরিমাপ এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক স্বাস্থ্য পরামর্শও গ্রহণ করেন।