এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হাবিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় আসরের উদ্বোধন হয়েছে। ঐতিহাসিক চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৩টায় এ খেলার আনুষ্ঠানিক সূচনা করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। চাঁদগাজী জুনিয়র একাদশ এই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী ম্যাচে মৌলভী সামছুল করিম কলেজ একাদশ এবং বিয়ে বাড়ি শেরওয়ানি হাউজ ছাগলনাইয়া একাদশ পরস্পরের মোকাবিলা করে। উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়ামোদীরা মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ করে এই আয়োজন উপভোগ করেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুই দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. সেলিম এবং ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, ৫ নম্বর মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সী আবদুল কাইয়ুম, সৈয়দ কাজী মোজাম্মেল হক, আনোয়ার হোসেন ফরায়জী ও আবদুল হালিমের মতো স্থানীয় নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।
মানবিক কাজের নজির স্থাপন করতে গিয়ে প্রাণ হারানো ছাত্রনেতা হাবিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান ২০২৪ সালে ভয়াবহ বন্যা-পরবর্তী সময়ে চাঁদগাজী বাজারে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছাগলনাইয়া অফিস ইনচার্জ হিসেবে কর্মরত এই তরুণ সমাজকর্মীর অকাল প্রয়াণ ও তার ত্যাগের ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।