মোহাম্মদ আবু দারদা, ফেনী।
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং খামারিদের আধুনিক প্রযুক্তিবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় দেশীয় জাতের গবাদিপশু সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের এগিয়ে আসতে হবে এবং প্রশাসন এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ এবং প্রকৌশলী জুয়েল দাস। মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় খামারি আবু নাছের তুহিন এবং উপজেলা ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন আলো। বক্তারা উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ পালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান।