
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব, সংবাদদাতা:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রোববার (২৩ নভেম্বর ২০২৫) দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার ও তৎসংলগ্ন এলাকায় আগাম নির্বাচনী গণসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু।
নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে নুরুল ইমরান মজুমদার মিশু বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা এখন জনগণের হাতে এবং বেগম খালেদা জিয়া বর্তমানে গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। তিনি ফেনী-১ আসনে বেগম জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অতীতে এই সংসদীয় আসনে বেগম জিয়া যে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন, তার ধারাবাহিকতা রক্ষায় তাকে পুনরায় নির্বাচিত করা অপরিহার্য। দলের ঐক্যের প্রতীক হিসেবে তিনি উপজেলা বিএনপির কর্ণধার নূর আহাম্মদ মজুমদারের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
গণসংযোগকালে নুরুল ইমরান মজুমদার মিশু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে ছাগলনাইয়াকে একটি সমৃদ্ধ ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাম্প্রতিক বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরিকল্পিত স্থাপনা ও অবৈধ ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি অতীতে যারা দুর্বৃত্তদের দ্বারা গায়েবি মামলা ও হামলার শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন এই নেতা। তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল বশর, আনোয়ার ফরায়েজী, সাবেক প্রচার সম্পাদক আবু সৈয়দ, ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর ইসলাম বাচ্চু ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাফর সওদাগর, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কফিল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জুটন, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, ছাত্রনেতা রহিম, সুমন, এরশাদ, রুবেল, আরিফ এবং স্বেচ্ছাসেবক দলের পারভেজ। স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও এই গণসংযোগে অংশগ্রহণ করেন।