নেত্রকোণায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিয়ে ডিজিটাল অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রুকন উদ্দিন:

 

ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ডিজিটাল অধিকার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বার্তা সামনে রেখে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’-এর উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণে ঝুঁকি চিহ্নিতকরণ (থ্রেট মডেলিং), নিরাপদ ব্রাউজিং, এনক্রিপশন, দুই ধাপের লগইন (২এফএ), ডিজিটাল হাইজিন, প্রাইভেসি সচেতনতা এবং ইন্টারনেট শাটডাউন বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা কর্মশালায় বলেন, “ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন ও অসচেতন মানুষের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়েছে। যাচাইবাছাই ছাড়া তথ্য শেয়ার করা ডিজিটাল অধিকার রক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর থাকে না। নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”

কর্মশালায় ডিজিটাল সুরক্ষা বিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা। তিনি বলেন, “মানবাধিকার রক্ষায় ডিজিটাল অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন, তাই তাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে সতর্কতা, শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, ভিপিএন ব্যবহার, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা আদান–প্রদান এবং নিয়মিত ডেটা ব্যাকআপের কৌশল শেখানো হয়। অংশগ্রহণকারীরা ভাইরাসযুক্ত লিংক চেনার পদ্ধতি, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা, জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা এবং ইন্টারনেট শাটডাউন পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও অনুশীলন করেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ