
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী (দাগনভূঞায়-সোনাগাজী) তিন নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে দাগনভূঞায় বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সিলোনিয়া বাজার জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সিলোনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক। ধানের শীষের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবীর আহমদ ডিপলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন হুদন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন এবং জায়লস্কর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা হাসান এলমান। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জায়লস্কর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. হেছাম উদ্দিন, সাবেক সভাপতি হামিদুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন ডালিম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান ভূঁইয়া নিশাত। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।