
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৯ নভেম্বর ২০২৫, বুধবার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বাল্যবিবাহকে একটি মেয়ের শিক্ষাজীবনের জন্য ধ্বংসাত্মক বলে অভিহিত করেন। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি জানান, পরিবারে নারীর মতামত প্রতিষ্ঠার জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া অপরিহার্য। তিনি উল্লেখ করেন, নারীরা শিক্ষিত ও কর্মক্ষম হলে সমাজ কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে। বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, বরং সামাজিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসের এস এম আল আমিন জানান, জেলা তথ্য অফিস সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বলতে কেবল আয় করা বোঝায় না, বরং পরিবার ও সমাজে নারীর মতামতকে প্রতিষ্ঠা করাকেও বোঝায়। সরকারের উন্নয়ন ভিশন বাস্তবায়নে মাঠ পর্যায়ে সহায়ক পরিবেশ তৈরিতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন আকতার বিশেষ অতিথির বক্তব্যে নারীর আর্থিক স্বাধীনতা নিশ্চিতে অধিদপ্তরের গৃহীত বহুমুখী পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল এবং দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন। জেলা তথ্য অফিসের ঘোষক আশরাফুল আলমের সঞ্চালনায় স্থানীয় নারী, শিক্ষার্থী ও শিক্ষকরা এই সমাবেশে অংশ নেন।