
মো: রফিকুল ইসলাম নড়াইল।
নড়াইল সদরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়েছে।
একইসঙ্গে ইমরান হোসেন (৩৭) নামে এক যুবককে আটক করে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান।
অর্থদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত-নূর মোহাম্মদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুত করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিল ইমরান হোসেন। এ তথ্যের ভিত্তিতে দুপুরে বুড়িখালি ইটভাটা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুতের কথা স্বীকার করেন ইমরান।
ঘরে ঢুকতেই পাওয়া যায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন।অভিযানে পরবর্তীতে যোগ দেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদপ্তর। এসময় জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন,যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
এসব পলিথিন খুচরা বাজারে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে স্থানীয়রা জানান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন,সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়েছে।
পরিবেশ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর পরিপন্থি হওয়ায় পলিথিন জব্দ ও ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে।
নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।