
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এক বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ নম্বর জায়লস্কর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে খুশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়বিচার নিশ্চিতে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যন্নয়নে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করে বলেন, অসৎ নেতৃত্বের কারণে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও গ্রামাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও সঠিক নির্দেশনার অভাবে সাধারণ মানুষকে জজকোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। সমাজের নেতৃত্ব সঠিক ও ন্যায়পরায়ণ হলে কাউকে এমন অবহেলার শিকার হতে হতো না। তিনি আরও উল্লেখ করেন, জনগণ সৎ সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে আর কোনো অসৎ নেতৃত্ব মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় আব্দুল গফুর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ। তিনি স্থানীয় উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম এবং ইউনিয়ন সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ওয়ালী উল্লাহ, কামাল হোসেন ও আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। খুশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।