
মো: রফিকুল ইসলাম,, নড়াইল
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ রানা শেখ হত্যাকাণ্ডে প্রধান আসামি রহমান খাঁ (৫৮) কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রত্না শাহার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খুলনার নিরালা এলাকায় অবস্থান নিশ্চিত করে র্যাব-পুলিশের যৌথ দল রহমান খাঁকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হলে জেলহাজতে পাঠানো হয়।
মামলা তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করার পরিকল্পনা রয়েছে বলেও জানায় পুলিশ। গত ২৭ অক্টোবর রাতে মাদক ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হন কালিয়া উপজেলার বাবরা হাছলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ।
গুরুতর আহত অবস্থায় খুলনায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৮ অক্টোবর) তিনি মারা যান। এ হত্যাকাণ্ডে মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।