
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার সোনাগাজীতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) রাতে সোনাগাজী থানাধীন পশ্চিম সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন জহিরুল ইসলাম (২২)। তিনি সোনাগাজী থানার সুলতানপুর এলাকার সুজল হকের ছেলে।
র্যাব-৭ সূত্র জানায়, সোনাগাজী থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী জহিরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।