
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী দিনেরাতে প্রতিটি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের জন্য অনুরোধ করছেন। ইতিমধ্যে তিনি দুই উপজেলায় ধানের শীষের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি করেছেন। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ধরনের গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহের মাধ্যমে।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের উদ্যোগে কর্মী সমাবেশে উপস্থিত জনতার কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কাশিপুর গ্রাম সহ আমার নির্বাচনী এলাকার মানুষদের ভালোবাসাই আমার শক্তি। আমার প্রতি কাশিপুরবাসীর আস্থা আমার পথচলার প্রেরণা। ইনশাআল্লাহ জনগণের স্বপ্ন ও অধিকার রক্ষার জন্য আমৃত্যু লড়ে যাবো।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সহ-সভাপতি সঞ্জু রহমান ভূঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, চিরাং ইউনিয়ন বিএনপির গোলাম মোস্তফা ভূঞা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভূঞা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সমাবেশস্থলে শুরু থেকেই নারী-পুরুষসহ শত শত মানুষ ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীকে সাদরে বরণ করে নেন। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস, হাসিমুখ আর অকৃত্রিম ভালোবাসা পুরো এলাকা জুড়ে এক অনন্য আবহ সৃষ্টি হয়।