মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ‘জুলাই সনদ’ বাস্তবায়নে চলতি মাসের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় এবং শেষ বিকেলে ফেনী শহরে আয়োজিত পৃথক পথসভায় তিনি এই দাবি জানান।
এটিএম আজহারুল ইসলাম জুলাই সনদে স্বাক্ষরকারীদের গণভোটে আপত্তির বিষয়ে প্রশ্ন তুলে বলেন, "ডাল মে কুচ কালা হায়"। তিনি হুঁশিয়ারি দেন, কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে গণভোটের বিরোধীতাকারীরাই দায়ী থাকবে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন "জুলাই আন্দোলনের শহীদ ও জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণার শামিল" এবং "কর্তৃত্ববাদী কাঠামো" বহাল রেখে নির্বাচন সমস্যার সমাধান নয়।
জামায়াতের নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাকে ‘মিথ্যা’ ও সাজানো আখ্যা দিয়ে তিনি বলেন, "আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম।" তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মৃত্যুকে ‘জুডিসিয়াল হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, "যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।"
মীর কাসেম আলীর উদাহরণ টেনে আজহারুল ইসলাম বলেন, তিনি গ্রেপ্তারের পূর্বে বিদেশে থাকলেও দেশে ফিরে এসেছিলেন, ‘চোরের মতো বিদেশে লুকিয়ে থাকেননি’। তিনি অভিযোগ করেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতাবিরোধী, তারা দেশের সম্পদ লুট ও পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে।"
আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, "আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন আমরা কেমন কাজ করি।" তিনি দাবি করেন, জামায়াত অতীতে সরকারে থেকে কৃষি ও শিল্প মন্ত্রণালয় চালালেও ‘এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি’। তিনি রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এবং আনুপাতিক হারে (পিআর পদ্ধতি) নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান।
দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সকালের পথসভায় সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
শেষ বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ডা. ফখরুদ্দিন মানিক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এড. এএসএম কামাল উদ্দিন এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
পথসভাগুলোর আগে দুপুরে এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত করেন এবং সেখানে ‘আঞ্জুবের নেছা ইসলামী এডুকেশন কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।