
নিজস্ব সংবাদদাতা:
ফেনীর দাগনভূঞা উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জায়লস্কর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত বারাহিগুনী মাকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, ১২ নভেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবেও গড়ে উঠতে পারবে। অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং সন্ধ্যার পরে যেন তারা ঘরের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মো: শফীউল্লাহ বলেন, অভিভাবকদের ধন্যবাদ জানাই। নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং ম্যানেজিং কমিটির সঠিক দিকনির্দেশনা অপরিহার্য ও প্রশংসনীয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জহির উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুনচুরুল হক, এসএন্ডবি নাইস ফুডস ভ্যালি লিমিটেডের পরিচালক আব্দুল মোতালেব শাহীন, সমাজ সেবক জাকের ফরায়েজী এবং সাংবাদিক জিয়া উদ্দিন সোহাগ।
অন্যান্যদের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন, হামিদুল হক সাইফুল, ইকবাল সুমন, নুর মোহাম্মদ, সাংবাদিক জসিম ফরায়েজী, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাফর উল্ল্যাহ, দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওবায়দুল হকের সার্বিক পরিচালনায় অভিভাবক সমাবেশ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।