
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। ১৩ অক্টোবর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলা এই প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দাগনভূঞা উপজেলা প্রশাসন। গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে আরও পারদর্শী করে তোলার লক্ষ্যে এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেন। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।