মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা বাজারে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান অপসারণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) দিনের বেলায় বাজারের জিরো পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এসময় পাবলিক শৃঙ্খলা লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানকালে বাজারের রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিভিন্ন মিষ্টির দোকানে পঁচা, বাসি ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি এবং দই সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।
অভিযানে পরিবেশগত আইন লঙ্ঘনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। রাস্তা বন্ধ করে বালি রাখার অপরাধে একজন ব্যবসায়ীকে পরিবেশ আইন, ১৯৯৫ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এই উচ্ছেদ অভিযানে সহায়তা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারের শৃঙ্খলা ফেরাতে এবং জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।