নিজস্ব প্রতিনিধি।
ফেনী সদরে মোঃ আবু ইউসুফ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে লস্করহাট রশিদিয়া মাদ্রাসা সংলগ্ন বাসা থেকে প্রতিষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) নিখোঁজ ছাত্রের বাবা আলাউদ্দিন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানায় করা আবেদন (ট্র্যাকিং নং: 5G83QO) সূত্রে জানা যায়, আবু ইউসুফ ফেনী সদরের লস্করহাট রশিদিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়াশোনা করত। গত রবিবার (০৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে সে মাদ্রাসার পাশে অবস্থিত তার বাসা থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবু ইউসুফের বাবা আলাউদ্দিন (৪৩) জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান না পাওয়ায় তিনি বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় নথিভুক্ত করেছেন। আলাউদ্দিনের স্থায়ী ঠিকানা বরিশাল জেলার হিজলা থানায় হলেও তিনি বর্তমানে ফেনী সদরের ১১নং মৌটবী ইউনিয়নের লস্করহাট এলাকায় (রশিদিয়া মাদ্রাসার পাশে সেলিম মিয়ার বাড়ী) বসবাস করেন।
সাধারণ ডায়েরিতে নিখোঁজ আবু ইউসুফের বিবরণে বলা হয়েছে, তার জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০১২। শিশুটির মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবী ও সাদা টুপি ছিল। আবু ইউসুফ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে।