
কাজী ইফতেখারুল আলম
ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে হাজী শেখ মধু মিয়া বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার সিলোনীয়া হাইস্কুল কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছয় শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলম এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।
এ সময় বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসীন, সহ-সাধারণ সম্পাদক রফিক আহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম বাছির ভূঞা এবং সহ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মালেক উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
হাজী শেখ মধু মিয়া বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা জানান, বিগত কয়েক বছর যাবত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।