শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাসান মাহমুদ নিরব (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে।
এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রহস্য — এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পার্শ্ববর্তী লালপুর উপজেলার তেনাচুরা কামারহাটি (আব্দুলপুর) এলাকায় শ্বশুর তৈয়ব আলীর বাড়িতে।

নিরব বাগাতিপাড়া উপজেলার খাটখৈইড় গ্রামের রবিউল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির ছেলে। কয়েক মাস আগে তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার তেনাচুরা কামারহাটি এলাকার মীম আক্তার (১৮)-কে বিবাহ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা এলাকায় বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন শুধু নিরব ও তার স্ত্রী মীম আক্তার।
স্ত্রী বাড়ির বাইরে কাজ করছিলেন, আর নিরব ছিলেন ঘরের ভেতরে। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখা যায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে নিরব।

পরে দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নিরবের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন,
“আমার ছেলের কোনো নেশা বা খারাপ অভ্যাস ছিল না। সকালে কলেজে গিয়েছিল, তারপর দুপুরে বাড়ি এসে শ্বশুরবাড়িতে যায়। বিকেলে হঠাৎ খবর পাই আমার ছেলে নাকি আত্মহত্যা করেছে। এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। আমার ছেলেকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এর বিচার চাই এবং আইনের আশ্রয় নেব।”

অন্যদিকে নিরবের শাশুড়ি বলেন,
“আমার আত্মীয় (জা) অসুস্থ থাকায় আমরা সবাই আড়ানী গিয়েছিলাম। পরে খবর পাই নিরব আত্মহত্যা করেছে। কীভাবে বা কেন করেছে, তা আমরা জানি না। আমার মেয়ে মীম কিছু বলছে না, সে শোকাহত।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ