
জুয়েল হৃদয়,শরণখোলা সংবাদদাতা।
বাগেরহাটের শরণখোলায় গাছচাপায় মোঃ সুলতান হাওলাদার (৬৭) নামে এক প্রবীণ দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের জলের ঘাট বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান হাওলাদার ওই গ্রামের মৃত মোঃ নাদের হাওলাদারের ছেলে।
নিহতের চাচাতো ভাই ব্যাংকার মো. শহিদুল ইসলাম জানান, সকালে সুলতান হাওলাদার বাড়ির পাশে একটি বড় গাছ কাটতে যান। এ সময় কাটা গাছটি তার ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “গাছচাপায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।