সোনাগাজীতে যৌথ অভিযানে ২৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনী ও পুলিশের পৃথক যৌথ অভিযানে প্রায় আড়াই হাজার পিস ইয়াবা বড়ি এবং দুই বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২৫) রাতে উপজেলার পশ্চিম সুজাপুর ও মুহুরী প্রকল্প এলাকায় এই অভিযান চালিয়ে মো. আবদুল আলিম ওরফে হালিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।

​সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুর এলাকায় একটি দোকানের সামনে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল সেখানে অবস্থান নেয়। বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আবদুল হালিম দৌঁড়ে পালানোর চেষ্টা করলে, যৌথ বাহিনী ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

​একই রাতে, অপর এক গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মুহুরী প্রকল্পের নতুন সেতু এলাকার একটি জঙ্গলে অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪৬২ পিস ইয়াবা বড়ি এবং দুই বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার হালিম উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর দরবেশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিমকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে এর আগেও একই অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৫) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ