
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ নিখোঁজের ১৮ ঘন্টা পর বাড়ীর পাশের বিল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার দাসিয়ারছড়া খড়িয়াটারি গ্রামের আফসার আলী পচার স্ত্রী।
পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি বাড়ীর সবার অগোচরে বেড় হয়ে আর বাড়ীতে ফিরে আসেননি।
নিখোঁজ নারীর বাড়ী থেকে ২৫০ মিটার দুরে ধোঁপার কুড়া নামক বিলের পাড়ে ওই নিখোঁজ নারীর পায়ের জুতা স্থানীয়রা দেখতে পান। পরে এলাকাবাসী অনেক খুঁজে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
গতবুধবার ফুলবাড়ী ফায়ার সার্ভিস কে খবর দিলে পুলিশের উপস্থিতিতে সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টায় বিলের কচুরিপানার নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।