ফেনী পুলিশের সক্ষমতা বৃদ্ধি: নতুন গাড়ি হস্তান্তর, অভিযানে ১৫ গ্রেপ্তার

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

আসন্ন নির্বাচনি দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা পুলিশের চলমান বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম। শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) বিকেলে ফেনীতে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সময়ে, ২৪ অক্টোবর শুক্রবার রাতব্যাপী পরিচালিত জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চোরসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে অ্যাডিশনাল আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব এবং দক্ষতা আরও সুদৃঢ় করা। এসময় তিনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের সময় ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে অ্যাডিশনাল আইজি ফেনী জেলার অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত চারটি নতুন গাড়ি বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। গাড়ি হস্তান্তর ও প্রশিক্ষণ পরিদর্শন কার্যক্রমে ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

​অন্যদিকে, ফেনী জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার রাতব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ১৪ কেজি গাঁজা এবং ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অভিযানে ছাগলনাইয়া থানা পুলিশ ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। একই থানা এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়।

​ফুলগাজী থানা পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ফেনী মডেল থানা পুলিশ জেলা শহরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

​অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দাগনভূঞা থানা পুলিশ দুইজন, সোনাগাজী মডেল থানা পুলিশ একজন এবং পরশুরাম থানা পুলিশ একজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ