ফেনী-চট্টগ্রাম সীমান্তে ৭০৯ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) পরিচালিত এই অভিযানে ভারতীয় শাড়ী, তৈরী পোশাক এবং গরুসহ মোট ১ কোটি ২০ লক্ষ ৫ হাজার ১২৫ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় এই তল্লাশী অভিযান পরিচালনা করে।

​সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে বিজিবি এসব অভিযান পরিচালনা করছে। ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি তাদের ১২০.০৯ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছে। বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের (সরাইল) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের শুরু থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৭০৯ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। এসব ঘটনায় ৩৭০ জন আসামীকে আটক করা হয়।

​চলতি বছরে আটককৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ৪,২০২টি গরু, ১,২৮৬টি মহিষ, ২,৫৬৯টি মোবাইল ফোন, ৮২,৭১০ পিস শাড়ি এবং ৭,৪১৯টি যানবাহন। এছাড়া ২ লক্ষ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালু উত্তোলনের মেশিন, ১১ লক্ষ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি এবং ১ লক্ষ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা জব্দ করা হয়। এই পরিসংখ্যান গত ২০২৪ সালকেও ছাড়িয়ে যাওয়ার পথে, সে বছর মোট ৭৫৪ কোটি ১৫ লক্ষ ৫ হাজার ৭৮২ টাকার মালামাল ও ৪২৪ জন আসামী আটক হয়েছিল।

​চোরাচালানের পাশাপাশি মাদকদ্রব্য পাচার প্রতিরোধেও বিজিবি সক্রিয় রয়েছে। সরাইল রিজিয়নের ইউনিটগুলো ২০২৫ সালে এ পর্যন্ত ৭৮,২৫৪ বোতল মদ, ২৪,৭৬৩ বোতল ফেন্সিডিল, ২ লক্ষ ৮০ হাজার ১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ ক্যান বিয়ার এবং ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​একইসাথে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গিয়ে চলতি বছরে বিভিন্ন অভিযানে ৯টি বিভিন্ন ধরণের অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায়ও বিজিবি ভূমিকা রাখছে; বিশেষ করে সিলেট সীমান্তবর্তী ভোলাগঞ্জ, জাফলং, উৎমাছড়া এবং সুনামগঞ্জের চেলা ও যাদুকাটা বালুমহাল এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ