
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের ছাত্রী সুমাইয়া জাহান শুচি সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় এবং তার এই সাফল্যে পরিবার ও শিক্ষকরা গর্বিত।
সুমাইয়া জাহান সূচির পিতা মোহাম্মদ শাহজাহান মিয়া এবং মাতা ইসরাত জাহান শিল্পী — দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। শিক্ষানুরাগী পরিবারের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই সূচি মনোযোগী ও অধ্যবসায়ী।
তার প্রাথমিক শিক্ষা শুরু হয় আবেদা নূর শিশু শিক্ষা নিকেতন থেকে। পরবর্তীতে সে মাধ্যমিক পর্যায় সম্পন্ন করে আবেদা নূর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। গ্রামের নাম আওড়াল, কিন্তু জন্মগতভাবে নাটিংগী গ্রামের সন্তান শুচি। সে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে আসছে।
তার জীবনের লক্ষ্য একজন সফল ডাক্তার হওয়া এবং সমাজের কল্যাণে নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। নিজের সাফল্যের বিষয়ে সূচি জানায়, “আমার এই অর্জন আমার বাবা-মা, শিক্ষক ও আল্লাহর অশেষ দয়ায় সম্ভব হয়েছে।
ভবিষ্যতে চিকিৎসা পেশায় গিয়ে মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।” তার শিক্ষকরা জানান, সুমাইয়া জাহান শুচি একজন পরিশ্রমী, ভদ্র ও মেধাবী ছাত্রী। ভবিষ্যতে সে দেশের জন্য বড় কিছু করবে বলে তারা আশা প্রকাশ করেন।