মো: রফিকুল ইসলাম,নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপ গাড়িতে গরু চুরি করে পালানোর সময় মো. রুবেল শেখ (৪০) ও মাসুদ রানা (৩৫) নামের দুই গরু চোরকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে এ ঘটনায় আরও তিন চোর পলাতক রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টায় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান,লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে রুবেল শেখ এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা।
প্রেস ব্রিফিংয়ে ওসি মো. শরিফুল ইসলাম জানান,সোমবার ভোর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তজিরুল ও রুহুল আমিনসহ সঙ্গী ফোর্সদের সমন্বয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন টহল ডিউটি করছিল।
পরে কুন্দসী মোড়ে একটি পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামার জন্য সংকেত দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ তাদের পিছু নিয়ে ধাওয়া করতে থাকে।
একপর্যায়ে কালনা চর-করফা মাদরাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করে পুলিশ। এতে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে গেলেও দুই চোরকে আটক করে পুলিশ। এ সময় আনুমানিক ৫৫ হাজার টাকা দামের ১টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।
ওসি মো. শরিফুল ইসলাম আরও বলেন,আটক দুই চোরসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে এবং মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করবেন।
এছাড়া পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।