ফেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রধান আসামি চট্টগ্রামে আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী সদরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান পলাতক আসামি নুরুল আলম প্রকাশ বাবুকে (৩০) চট্টগ্রাম থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিষু মিয়ার হাট সংলগ্ন তাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১৫) স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীতে পড়াশোনা করে এবং অভিযুক্ত নুরুল আলমদের সাথে একই বাড়িতে ভাড়া থাকতো। গত ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুল আলম তার মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি গোয়াল ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন জড়ো হওয়ার ভয়ে অভিযুক্ত নুরুল আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা সাহেদা আক্তার বাদী হয়ে গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে ফেনী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪/৫৮৮।
​মামলা দায়েরের পর থেকেই আসামি নুরুল আলম পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আসামি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার তাজপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
​র‍্যাব জানায়, আটক নুরুল আলম প্রকাশ বাবু ফেনী সদর থানার ধর্মপুর এলাকার ইলিয়াছের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ