
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী দাগনভূঞার সিলোনিয়া এক সুইডেন প্রবাসীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল প্রায় ৭০ ভরি সোনা, তিন হাজার ইউরো এবং নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল কেটে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা কামাল উদ্দিন বাবুল (৫৫), তার দুই ভাগনে এবং দুই বোনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা আলমারির চাবি নিয়ে ৭০ ভরি সোনার গয়না, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, কয়েকটি দামি ঘড়ি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।
বাড়ির মালিক কামাল উদ্দিন বাবুলের বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। তিনি সম্প্রতি দেশে ফিরে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার রাতে বাবুলের স্ত্রী ও প্রবাসী মেয়ে বাড়িতে ছিলেন না। লুট হওয়া সোনার একটি বড় অংশই ছিল প্রবাসী লাবনী এবং বাড়িতে বেড়াতে আসা স্বজনদের। ডাকাতরা নারীদের পরিহিত থাকা গয়নাও ছিনিয়ে নেয়।
এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফেনীর পুলিশ সুপারও ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু হয়েছে।”