
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় রান্না করার চুলার আগুনে এক শ্রমিকের সব স্বপ্ন পুড়ে ছাই হয়েছে গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণ শ্রমিক সাধনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাধনের দাদি মমতাজ বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অগ্নিকান্ডের ঘটনায় তার একটি ষাঁড় গরু, ৫টি ছাগল পুড়ে মারা গেছে। এতে করে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ সাধন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সাধনের স্ত্রী বাড়ির বাহিরে রান্না ঘরে রান্না করছিলেন। সংসারের অন্য কাজের জন্য তিনি তার চাচা শ্বশুরের বাড়িতে যান।
এ সময় চুলার আগুন পাশে থাকা শুকনো খড়িতে লেগে তা মূহুর্তেই রান্না ঘর ও পাশের গোয়াল ঘরে লেগে গরু ছাগল সহ সব পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকার একটি ষাঁড় গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়।
এলাকাবাসী টের পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন এবং আগুন নিভানোর চেষ্টা করেন। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়রা আরও জানান, এই অগ্নিকান্ডের ঘটনায় সাধনের দাদি মমতাজ বেগম অসুস্থ হয়ে পরেন। তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা অগ্নিকান্ডের খবরটি একটু দেরিতে পেয়েছিলেন।
খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয় ক্ষতির বিষয়ে তিনি বলেন, তদন্তের পরে এর সঠিক পরিমান জানানো যাবে।
প্রাথমিকভাবে তারা ধারণা করছেন রান্না করার চুলার আগুন থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।