
নুর হোসেন, ফেনী সংবাদদাতা।
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের (ব্রাফা) দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, দুপুরে সোনাগাজী উপজেলার নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: ইসরাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে সার্জেন্ট (অব:) লিয়াকত আলী দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। বিদায়ী কমিটির সভাপতি কর্পোরাল (অব:) মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) আব্দুল হক নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) এম. সোলায়মান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ব্রাফার ভূমিকার প্রশংসা করেন।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সার্জেন্ট (অব:) আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে সার্জেন্ট (অব:) ইমাম হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হিসেবে কর্পোরাল (অব:) সিরাজুল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসেবে কর্পোরাল (অব:) নুরুল আফছারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফেনীর সভাপতি পেটি অফিসার (অব:) হাবিব উল্লা বাহার। ক্যাপ্টেন (অব:) এম আবুল হাসেমের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট (অব:) জসিম উদ্দিন।
সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা ও অবসরপ্রাপ্তদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন কমিটির কার্যক্রমে সংগঠন আরও প্রাণবন্ত ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।