তরুণদের মাঠে ফেরাতে ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ছয়টি উপজেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ফেনী জেলা প্রশাসন। উদ্বোধনী দিনে ফেনী সদর ও ফুলগাজী উপজেলা পরস্পরের মুখোমুখি হবে। জেলার ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

​সোমবার (১৩ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

​আয়োজক কমিটি সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে পরশুরাম, সদর ও ফুলগাজী উপজেলা এবং ‘খ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। প্রতিটি দল তাদের গ্রুপে লীগ পদ্ধতিতে খেলার পর সেরা দলগুলো সেমি-ফাইনাল ও ফাইনালে অংশ নেবে। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড় থাকবে, যার মধ্যে ৩ জন অতিরিক্ত খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

​টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে এক লাখ টাকা এবং রানার্স-আপ দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। এবারের আসরে নতুন সংযোজন হিসেবে সেরা ফেয়ার প্লে দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন দুই হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। আগামী ২৫ অক্টোবর ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবার কথা রয়েছে।

​জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

​জেলা প্রশাসক তার বক্তব্যে ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামীতে ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ