
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। রবিবার ফেনীর জেলা প্রশাসক (জেনারেল) এর মাধ্যমে এই স্মারকলিপিটি দেওয়া হয়। স্মারকলিপিতে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন এবং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের মতো দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা প্রধান দাবিগুলো হলো— আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি এবং এর ওপর গণভোট আয়োজন করা। নির্বাচনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করারও দাবি জানানো হয়। এছাড়া, ‘ফ্যাসিস্ট সরকারের’ সময়ের নির্যাতন, হত্যাকাণ্ড ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করা হয়েছে।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাওলানা নুরুল করীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী। এছাড়াও জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, মাওলানা আবুল হাশেম প্রবাসী, মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।