হামলার অভিযোগে হবিগঞ্জে বাবা-ছেলেকে কারাগারে প্রেরণ

মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ:

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার তিন সন্তানের ওপর হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভুক্তভোগীর ভাসুর মো. রহিছ খান (৪৫) ও তার ছেলে মো. এনাম খান (১৯)। শুক্রবার, ১০ অক্টোবর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক রিপিট পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, মালদ্বীপ প্রবাসী মো. ওয়াহিদ খানের স্ত্রী মোছা. রোকসানা আক্তারের (৪৫) সঙ্গে তার ভাসুর রহিছ খানের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রবাসীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতিতে রহিছ খান সহায়তা করায় এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে রহিছ খান ও তার ছেলে এনাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে গত ২ অক্টোবর, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোকসানার বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

​রোকসানা আক্তারের অভিযোগ অনুযায়ী, হামলার সময় রহিছ খান লোহার রড দিয়ে তাকে আঘাত করলে তার কোমর ও পায়ে গুরুতর জখম হয়। অন্যদিকে, এনাম খান লাঠি দিয়ে তার সন্তান রুবা আক্তার, সাহান খান ও মোয়াজ খানকে প্রহার করেন। এ সময় এনাম তার মেয়ে রুবা আক্তারকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং তার গলা থেকে ৯০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

​ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে রোকসানা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের আটক করে।

​চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ