
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে পূর্ব চম্পকনগর এলাকা থেকে আনুমানিক এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত টাকা মূল্যের এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ চম্পকনগর বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা এবং এক বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক জানান, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।