মহাসড়কে অ্যাম্বুলেন্সে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক তিন।

নিজস্ব সংবাদদাতা :

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ অপরাধী দলের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের পিএইচপি এলাকা থেকে তাদের একটি অ্যাম্বুলেন্সসহ আটক করা হয়।

​ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা গভীর রাতে রোগী পরিবহনের আড়ালে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। মহাসড়কে নিয়মিত টহলের সময় পুলিশ সদস্যরা ঢাকা মেট্রো-ছ ৭১-১৫২২ নম্বরের অ্যাম্বুলেন্সটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্সের চালক, তার সহকারী এবং শেখ রাসেল (২১) নামের অপর এক সদস্য পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়।

​আটককৃতরা হলেন সোনাগাজী উপজেলার আমিরাবাদ এলাকার নুরে আলমের ছেলে মো. রিফাত (২২), লক্ষ্মীপুর জেলার খুরশিদ আলমের ছেলে মো. রাসেল (২৩) এবং একই এলাকার আবদুল হালিমের ছেলে শাহাদাত (২৪)। অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এই অভিযানের নেতৃত্ব দেন ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জাকির এবং সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান ও তাদের সঙ্গীয় ফোর্স। ওসি মো. জাকারিয়া জাকির জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ