
মুহাম্মদ আবু হেলাল,শেরপুর।।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশ জব্দ করা হয়েছে। শনিবার (৪অক্টোবর) রাতে কংশা ইউনিয়নের তাওয়াকুচা গজারীবাগান সংলগ্ন মায়াবি লেক এলাকায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায়, নায়েক সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ব্র্যান্ডের ‘পন্ডস’ নামের মোট ৭২২ পিচ ফেসওয়াশ জব্দ করা হয়।
তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. আতিয়ার রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেসওয়াশের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৮ হাজার ৮শ টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।