মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা, আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ অক্টোবর ২০২৫, বিকেলে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণে ফেনী জেলা ওলামা দল এই কর্মসূচির আয়োজন করে, যেখানে দলের নেতাকর্মীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী ওলামা দল দেশের ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শের ধারক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি দলের আদর্শ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী ওলামা দল ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আলহাজ্ব মিজানুর রহমান বলেন, আলেম সমাজ জাতির বিবেক এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। তিনি সংগঠনের দীর্ঘ ৪৬ বছরের কার্যক্রমের কথা তুলে ধরে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি দলের ত্যাগী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার গুরুত্ব তুলে ধরেন।
বিকেল ৩টায় জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা কাজি মোহাম্মদ ইবরাহীমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা শফিকুর রহমান শাকার এটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা এমদাদ উল্লাহ, জেলা সদস্য সচিব মাওলানা হাফেজ আবু বক্কর সিদ্দিক এবং জেলা যুগ্ম আহ্বায়ক হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইবরাহিম, মাওলানা শহিদ উল্লাহ, মাওলানা আবদুল মতিন, আইয়ুব হেলাল ও আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।