
কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণার কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া উপজেলা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত এক প্রেস রিলিজের মাধ্যমে বলেন, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারে জামায়াতে ইসলামী’র নিয়মিত সাধারণ সভায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এ হামলা চালানো হয়। সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫–২০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে জামায়াতের শান্তিপূর্ণ সভায় হামলা চালায়।
হামলায় জামায়াতে ইসলামী সান্দিকোনা ইউনিয়নের সহ-সভাপতিসহ তিনজন নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সহ-সভাপতি মাজারুল ইসলাম শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর আদমপুর হাসপাতাল থেকে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়ে যে, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ওপর এমন বর্বরোচিত হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে এবং জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি আহত নেতা-কর্মীদের সুচিকিৎসা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নিশ্চয়তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না, তারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মো. ছাদেকুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, জেলা টিম সদস্য আব্দুস সাত্তার সিরাজী, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, পৌরসভার আমীর আবুল হাশেম মিতালী, উপজেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মো. কিরণ মিয়া, কর্ম পরিষদের সদস্যবৃন্দ প্রমূখ।