
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ভ্রাতৃত্বের বন্ধনে আজীবন থাকার প্রত্যয়ে ফেনী সরকারি কলেজের ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম পারিবারিক মিলনমেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এটিএম হাবীবুর রহমান। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং নবীন ও প্রবীণদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই এই মিলনমেলার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদ করিম, ফেনী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জহির উদ্দিন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক পেয়ার আহাম্মদ, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান, সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ, মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ এবং ফেনী সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসানুজ্জামান ও জেসমিন আক্তার।
ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মীর মোশারফ হোসেন ফরহাদ। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কিরন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের বক্তব্যে পুরোনো দিনের স্মৃতিচারণ করে এক আবেগঘন পরিবেশ তৈরি করেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং সন্ধ্যার পর্বে আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
প্রধান বক্তা ড. শাহাদাত হোসেন পাটোয়ারী তার বক্তব্যে বলেন, “ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামীতে নবীন ও প্রবীণদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে।” তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “বৃহৎ পরিসরে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কল্যাণে যে কোনো কার্যক্রমে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”