ফেনীর দাগনভূঞায় সিলোনিয়া বাজারে বাস দুর্ঘটনা, শিক্ষার্থীসহ তিনজন নিহত।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেল ও টমটমের ওপর উঠে গেলে এক নারী ও দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১২ জনের অধিক আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক পৌনে দশটার দিকে উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন জয়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের শহীদ উল্যাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০), দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং দক্ষিণ বারাহি গোবিন্দ এলাকার শাহিদুলের মেয়ে ছামিরা (১৫)।

​প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল বাস টার্মিনাল থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস সিলোনিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি প্রথমে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর এটি গতি না থামিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি টমটমকে চাপা দিয়ে রাস্তার ধারের একটি খাবারের হোটেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

​দুর্ঘটনার পর পরই বিকট শব্দে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তারা গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলার উপদ্দি লামছি গ্রামের এনামুল হকের স্ত্রী জীবন আরা বেগম ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​দুর্ঘটনার খবর পেয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

​তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত তিনজনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত জীবন আরা বেগমকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাধীন বাকি আহতদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ