
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত তিন নম্বর পলাতক আসামীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক আসামীর নাম খোকন (২৪), সে জেলে পাড়ার মৃত হানিফের ছেলে। বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ভোরে সীতাকুণ্ড থানার পশ্চিম মুরাদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে র্যাব-৭ এর একটি দল তাকে আটক করে।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, খোকন নিজ বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। খোকন সীতাকুণ্ড থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী। মামলাটি (নং-২৩) গত ২১ আগস্ট ২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক খোকনকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।