
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সিলোনিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলোনিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি তীব্র গতিতে সড়কের পাশে থাকা পাঁচটি দোকান ও একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দেয়। দুর্ঘটনার বিকট শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সিলোনিয়া বাজারে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ফুটওভার ব্রিজ না থাকা এবং সড়কের ওপর যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে তারা জানান। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।