
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা):
কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে নেত্রকোণা-৩ আসন। কেন্দুয়া উপজেলায় একটি পৌরসভা সহ ১৩ ইউনিয়নের ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৯৭৪ জন এবং আটপাড়া উপজেলার ৭ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও ২০২৬ ইং সালের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আগেই বরাবরের মতো এইবারও বিএনপি’র মনোনয়ন পাবার শতভাগ আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেরলক্ষ্যে জনগণের সম্পৃক্ততা বাড়াতে, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মাঠঘাট, হাটবাজার, বিভিন্ন আচার-অনুষ্ঠান এবং ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নেত্রকোণা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম।
ড. রফিকুল ইসলাম হিলালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করার কারণে বহুবার নির্যাতিত হয়েছেন তিনি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ড. রফিকুল ইসলাম হিলালীর কেন্দুয়াস্থ বাসভবনে একাধিকবার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে।
বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় পুলিশ এসল্ট থেকে শুরু করে বিস্ফোরক, অগ্নিসংযোগ, নাশকতার ৪২টি এবং ঢাকায় ১৪টি মামলা সহ মোট ৫৬টি রাজনৈতিক মামলা হয়েছে। পুলিশ এসল্ট মামলায়ও তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন নেত্রকোণা জেলা করাগারে কারাবরণ করেছেন। এরআগে, তিনি কেন্দুয়া থানা পুলিশের দায়েরকৃত জেলার সর্বপ্রথম জননিরাপত্তা আইনের মামলায় ড. রফিক হিলালী ও তাঁর প্রয়াত বৃদ্ধ পিতাকে নিয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। ২০০৬ সালে তিনি প্রথম দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তৎকালীন সরকার ওই নির্বাচন বাতিল করেন। পরে ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষের মনোনয়ন পেয়ে তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া ২০১৪ ও ২০২৪ নির্বাচনে দলীয়ভাবে নির্বাচন বর্জন করায় তিনিও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনামলে মামলা-হামলা, জেল-জুলম, দমন-পীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীদের নিজের ছায়াতলে আশ্রয় দিয়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া-আটপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ড. হিলালী দিন-রাত গণসংযোগ, মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।