ঢাকা জজকোর্ট থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

রাজধানীর ঢাকা জজকোর্ট থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মোঃ শরিফুল ইসলামকে (২৮) অবশেষে ফেনী থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৭ এবং র‍্যাব-১০ এর একটি যৌথ দল মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, আনুমানিক সন্ধ্যা ৭টায় ফেনী সদর উপজেলার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে।

​র‍্যাবের অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় আট মাস আগে শরিফুল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নিচতলা থেকে পালিয়ে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম চলছিল। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর লালবাগ ক্যাম্প (সিপিএসসি) এবং র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প (সিপিসি-০১) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। শরিফুলকে আটকের সময় তার কাছ থেকে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে শরিফুলকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি মামলার শুনানির জন্য আনা হয়েছিল। তিনি ডিএমপি খিলগাঁও থানার একটি হত্যা মামলার (মামলা নং- ৬৩(১)১৮, ধারা-৩৬৪/৩৮৫/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) আসামি। ওই দিন আদালতের কার্যক্রম শেষে নিচতলায় আনার পর তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এই ঘটনার পর ঢাকা মহানগর জজ কোর্ট হাজতখানার ইনচার্জ এসআই মোঃ রিপন মোল্লা বাদী হয়ে ডিএমপি কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা (মামলা নং-১৭, তারিখ-১৯ জুন ২০২৫, ধারা-২২৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। আটক মোঃ শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে।

​আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ