ফেনীর বেসরকারি চিকিৎসায় মান ফেরাতে কঠোর সিভিল সার্জন।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জনগণের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অপারেশন থিয়েটারের আন্তর্জাতিক মান রক্ষা, প্যাথলজিকাল পরীক্ষার নির্ধারিত মূল্য ও গুণগত মান নিশ্চিতকরণ এবং রোগী ও স্বজনদের সঙ্গে সহানুভূতিশীল আচরণসহ বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। অননুমোদিত কোনো প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিক ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সভায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সিভিল সার্জন কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় চিহ্নিত বিভিন্ন ঘাটতি ও ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ফেনীর সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়ে সঠিক চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, অপারেশন থিয়েটার ও লেবার রুমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে। জরুরি বিভাগে আসা সংকটাপন্ন রোগীকে অন্তত প্রাথমিক চিকিৎসা সেবা অবশ্যই প্রদান করতে হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নরমাল এবং সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে চলতে হবে।

​পাশাপাশি, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে প্যাথলজিকাল পরীক্ষাগুলো সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরীক্ষার গুণগত মান যেন সঠিক থাকে, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি।

​সভায় রোগীদের সাথে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আচরণের বিষয়টিও গুরুত্ব পায়। সিভিল সার্জন বলেন, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অবশ্যই সহানুভূতিশীল আচরণ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, জেলার স্বাস্থ্য বিভাগ অননুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।

​সবশেষে, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফেনীর মানুষ যেন তাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ